হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে রপ্তানি পণ্য স্ক্যানিংয়ের জন্য রাখা চারটি এক্স-রে মেশিনের মধ্যে তিনটিই কাজ করছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একমাত্র সচল মেশিনে চাপ বেড়ে যাওয়ায় প্রতিদিনই কয়েকশ টন রপ্তানি পণ্যের চালান আটকে থাকছে। বিশেষ করে তৈরি পোশাক ও দ্রুত পচনশীল পণ্যের রপ্তানিকারকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, নষ্ট মেশিনের যন্ত্রাংশ আমদানির প্রক্রিয়া চলছে। তবে এই প্রক্রিয়া আরও কত দিন চলবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি তারা।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের নেতারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, এই সংকট দীর্ঘস্থায়ী হলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।